ব্রাহ্মণবাড়িয়ায় ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৫:৫৪ পিএম

র‍্যাব-৯-এর এক বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কলেজ পাড়ায় একটি ম্যাগাজিনসহ সক্রিয় বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। 

শনিবার রাত ২টা ১০ মিনিটের দিকে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি কমান্ডার মো. নূরনবীর নেতৃত্বে কলেজ পাড়ার একটি নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, পরিত্যক্ত বাড়িটি এলাকার মাদকসেবীদের আড্ডাস্থল হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে, কোনো সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ভবিষ্যতে ব্যবহারের লক্ষ্যে অস্ত্রটি সেখানে লুকিয়ে রেখেছিল।

র‍্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার করা অস্ত্রটি সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জননিরাপত্তা রক্ষায় র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইএইচ