মাগুরা সদরে যৌথ বাহিনীর অভিযানে দুটি ওয়ান শুটার গান, তিনটি ককটেল ও ৫০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে।
শনিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে জব্দ করা অস্ত্র ও মাদকসহ তাকে মাগুরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তির নাম মো. আল আমিন শিকদার (৪০)। তিনি মৃত রেন্টু শিকদারের ছেলে। তার বাড়ি মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী মোল্লাপাড়া গ্রামে।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পারনান্দুয়ালী এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের সময় আল আমিন শিকদারের কাছ থেকে দুটি ওয়ান শুটার গান, তিনটি ককটেল এবং ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মাগুরা সদর থানা পুলিশ জানায়, জব্দ করা অস্ত্র ও মাদক যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
ইএইচ