জমির আইল নিয়ে বিরোধে দাদার ঘুষিতে নাতির মৃত্যু

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৪:৫২ পিএম

টাঙ্গাইলের বাসাইলে জমির আইল নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী দাদার ঘুষিতে আনসার মিয়া (৫৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী জরিনা বেগম (৪৭)। 

রোববার সকাল পৌনে ১১টার দিকে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনসার মিয়া ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম লাভু মিয়া ওরফে লেবু মিলিটারি (৬৮)। পারিবারিকভাবে তাদের মধ্যে দাদা-নাতনি সম্পর্ক। স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ভাতিজা রাশেদ জানান, সকালে আনসার মিয়া তার ধনিয়া ক্ষেত থেকে ফসল তুলে জমি মেরামতের কাজ করছিলেন। এ সময় তার স্ত্রী জরিনা বেগম তাকে সহায়তা করছিলেন। হঠাৎ পাশের জমির মালিক লেবু মিলিটারি এসে আইল নষ্ট করার অভিযোগ তোলেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে লেবু মিলিটারি আনসার মিয়াকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে শুরু করেন। এতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। স্বামীকে বাঁচাতে গিয়ে জরিনা বেগমও মারধরের শিকার হন।

পরে স্বজনেরা তাদের উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সাখাওয়াত হোসেন আনসার মিয়াকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত লেবু মিলিটারির পরিবারের কাউকে পাওয়া যায়নি।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, কলিয়া গ্রামে জমির আইল নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় একজন অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ