নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা

নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৫:৩৯ পিএম

নোয়াখালী-২ আসনের সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের ভোরের বাজারে বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী মফিজুর রহমানের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার বেলা সোয়া ১১টার দিকে এ হামলা চালানো হয়। এতে বিদ্রোহী প্রার্থীর তিন সমর্থক আহত হয়েছেন এবং কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজিবপুর গ্রামের ভোরের বাজারে কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের নির্বাচনী কার্যালয়ে একটি সভা চলছিল। ওই সময় সড়ক দিয়ে ধানের শীষ প্রতীকের ৮–১০ জন প্রচারণাকারী যাওয়ার সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ধানের শীষের সমর্থকেরা ওই কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন।

বিদ্রোহী প্রার্থী কাজী মফিজুর রহমান অভিযোগ করে বলেন, ‘সভা শেষে আমি চলে যাওয়ার পর বিএনপি নেতাদের নির্দেশে একদল সমর্থক আমার কার্যালয়ে হামলা চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছি না। ধানের শীষের নেতাকর্মীদের হুমকি-ধমকির কারণে এলাকার নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে ধানের শীষের প্রার্থী জয়নুল আবদিন ফারুক বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, নির্বাচনী কার্যালয় বড় কোনো ভাঙচুর হয়নি। স্বতন্ত্র প্রার্থীর বৈঠকের সময় ধানের শীষের সমর্থকেরা স্লোগান দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে কিছু প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করা হয়েছে।

ইএইচ