ফেনী-২ আসনে ঈগল প্রতীকের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের চাঁদপুর, লেমুয়া বাজার ও কসকা বাজারে ঈগল প্রতীকের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে প্রচারণা চালান তিনি।
সকাল ১১টায় লেমুয়া বাজারে পথসভায় বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আমাদের ১১ দলীয় জোট দুর্নীতি নির্মূল, নিরাপত্তা এবং কর্মসংস্থান নিয়ে কাজ করে যাবে। এ তিনটি ক্ষেত্রে আমরা সবচেয়ে ভালো করতে পারব। প্রয়োজনে আমাদের প্রতিদ্বন্দ্বীদের সাথে আমরা এ নিয়ে ওপেন চ্যালেঞ্জ দেব।’
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছেন, তাদের ৩০০ আসনে দেওয়া প্রার্থীদের অর্ধেকের বেশি ঋণখেলাপি। ব্যাংক তাদের ব্যবসা করার জন্য টাকা দিয়েছিল, আর তারা সে টাকা মেরে দিয়েছে। যারা ব্যাংকের টাকা মেরে দেয়, তারা দেশের ক্ষতিই করবে।’
নিরাপত্তা প্রসঙ্গে মঞ্জু বলেন, ‘তাদের আমলে অন্য দলের লোক তো বটেই, নিজের দলের লোকও মারা যায়। তারা কীভাবে জনগণের নিরাপত্তা দিবে? আমরা আশা করি, তারা দীর্ঘ সময় নির্যাতিত ছিলেন, তাই এবার সঠিক পথে আসবেন।’
প্রচারণাকালে জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আব্দুর রহিম, এবি পার্টির জেলা সদস্য সচিব ফজলুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি শিহাব উদ্দিন, লেমুয়া ইউনিয়ন জামায়াতের আমির মুন্সি কামরুল ইসলাম ও সেক্রেটারি জাহিদ হাসানসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচ