ঈশ্বরগঞ্জে ৬০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৬:০২ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার রোধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬০০ মিটার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।

রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার জাটিয়া ইউনিয়নের সুটিয়া এলাকার একটি জলাশয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মায়মুনা জাহানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জব্দ করা জালগুলো ধ্বংসের জন্য উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে আসা হয়।

মায়মুনা জাহান জানান, দেশীয় মাছের প্রজনন মৌসুমে পোনা ও ডিমওয়ালা মাছ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জলাশয়ে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে মৎস্য বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। আইন অনুযায়ী জব্দ করা জাল ধ্বংস করা হবে। পাশাপাশি অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে ঈশ্বরগঞ্জের বিভিন্ন এলাকায় অসাধু চক্রের মাধ্যমে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকারের বিষয়টি উঠে আসে। এতে দেশীয় মাছের স্বাভাবিক প্রজনন ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ার বিষয়টি তুলে ধরা হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর উপজেলা মৎস্য বিভাগ দ্রুত অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দের এ পদক্ষেপ গ্রহণ করে।

এম জি