ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘দাঁড়িপাল্লায় কারচুপি ও অনৈতিক কাজের কারণে মানুষ আস্থা হারিয়ে এখন ডিজিটাল মেশিন ব্যবহার করছে। দাঁড়িপাল্লায় যে কারচুপি হয়, তা সাধারণ মানুষ বুঝে গেছে।’
রোববার বিকেলে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নে এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দক্ষিণ আইচা থানা বিএনপি এ সমাবেশের আয়োজন করে। এতে প্রায় ১০ হাজার নারী অংশ নেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, ‘বাংলাদেশে একসময় নৌকা ছিল, কিন্তু আজ তা খুঁজে পাওয়া যায় না। একইভাবে লাঙ্গল ছিল, সেটিও আজ হারিয়ে গেছে। ভবিষ্যতে যদি আপনাদের সন্তানেরা লাঙ্গল বা দাঁড়িপাল্লা দেখতে চায়, তবে যাদুঘরে যেতে হবে। কারণ দাঁড়িপাল্লার মাধ্যমে কারচুপির কারণে মানুষ এর ওপর বিশ্বাস হারিয়েছে।’
তিনি আরও বলেন, একটি বিশেষ দলের লোকজন কোরআন শরিফ হাতে নিয়ে ভোট চাইবে এবং বলবে তাদের প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু কোনো নির্দিষ্ট দলকে ভোট দিলেই জান্নাত নিশ্চিত এমন কথা ইসলামের কোথাও নেই। ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা জনগণের সাথে প্রতারণার শামিল।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, চরফ্যাশন-মনপুরাকে অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও মানবিক জনপদে রূপান্তর করতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে হবে।
সমাবেশে চরফ্যাশন উপজেলা ও দক্ষিণ আইচা থানা বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচ