বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বেলাল হোসেন নামে এক ব্যক্তিকে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার লামা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, ফাঁসিয়াখালী ইউনিয়নের একটি এলাকা থেকে অনুমোদনহীনভাবে বালু উত্তোলন করে পরিবহনের সময় বেলাল হোসেনকে আটক করা হয়। এ সময় অবৈধ বালু বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এ কারাদণ্ড দেওয়া হয়।
লামা সহকারী কমিশনার (ভূমি) জানান, অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশ ও জনজীবনের মারাত্মক ক্ষতি হচ্ছে। জনস্বার্থে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ইএইচ