চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৪:২৯ পিএম

‘একটাই লক্ষ্য হতে হবে দক্ষ, কারিগরি দক্ষতায় সমৃদ্ধি’ এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী চাকরি মেলা (জব ফেয়ার) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার শহরের উপকণ্ঠে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এ মেলার আয়োজন করে। কারিগরি শিক্ষার মানোন্নয়নে পরিচালিত অ্যাসেট (এএসএসইটি) প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়।

সকালে ইনস্টিটিউট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। 

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ড. আব্দুল হক তালুকদার। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাণ গ্রুপের ম্যানেজার (অ্যাডমিন ও এইচআরএম) মেহেদী হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফুড টেকনোলজি বিভাগের চিফ ইনস্ট্রাক্টর ড. আরিফুল ইসলাম।

এ সময় উপাধ্যক্ষ সেলিম আহমেদসহ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবারের মেলায় দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১৩টি স্টল অংশ নেয়। চাকরিপ্রত্যাশীদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করেন অংশগ্রহণকারী কোম্পানিগুলোর প্রতিনিধিরা। পরে তিনজনকে সরাসরি চাকরিতে নিয়োগ দেওয়া হয় এবং বিভিন্ন কোম্পানিতে ৬৭ জনকে চাকরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়া ১৮০ জনের জীবনবৃত্তান্ত জমা নেন কোম্পানিগুলোর প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওয়াহেদ বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণদের সরাসরি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শুধু কর্মসংস্থান সৃষ্টি নয়, দক্ষ জনশক্তি গড়তেও সহায়ক হবে।

এদিকে মেলা উপলক্ষে ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পকারখানার ভূমিকা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা বলেন, শিল্পপ্রতিষ্ঠান ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা গেলে দক্ষ মানবসম্পদ তৈরি এবং বেকারত্ব হ্রাসে ইতিবাচক পরিবর্তন আসবে।

ইএইচ