নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, সেবনকারী এবং নারী ছিনতাইকারী ও মলম পার্টির সদস্যসহ ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত থেকে সোমবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত বিহারি ক্যাম্প, আজিবপুর সোনা মিয়া মাঠ, বার্মা স্ট্যান্ড ও পশ্চিম সানারপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. আল আমিন, ডালিম, নাসরিন, লুৎফর দেওয়ান, মোতালিব দেওয়ান, খন্দকার ওয়ালি উল্লাহ শাওন, পলাশ, সাঈদ, সালমা, মুরাদ হাসান, মো. মনির হোসেন, মোহর আলী, মো. মিলন, মো. সুজন, মো. রুবেল, রাজ্জাক, মো. জালাল হোসেন, মো. খোকন মিয়া ও আল আমিন। তাদের কাছ থেকে ১৫৩ পুরিয়া হেরোইন, ৮৭০ গ্রাম গাঁজা ও ৩০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা করা হয়েছে।
এছাড়া বার্মা স্ট্যান্ড এলাকায় ছিনতাই করার সময় মলম পার্টির চার নারী সদস্যকে আটক করা হয়। তারা হলেন শিল্পী আক্তার, নাসরিন আক্তার, নাসিমা বেগম ও মোর্শেদা বেগম। তাদের কাছ থেকে ছিনতাই করা ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধেও নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের অনেকের নামে আগেও মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইএইচ