জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা স্পষ্টভাবে দুই ভাগে বিভক্ত। এক পক্ষ বিদেশি প্রভুদের দালালি করছে, আর অন্য পক্ষ আজাদী ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অপেক্ষায় রয়েছে। এ বাস্তবতায় পরিবর্তন অবশ্যম্ভাবী এবং তা আসবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়েই।
সোমবার দিনাজপুরের পার্বতীপুরে দিনাজপুর-৫ আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ডা. মো. আব্দুল আহাদের নির্বাচনী পদযাত্রা শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাজনীতিবিদরা ছাত্র ও যুব সমাজকে নিজেদের স্বার্থে ব্যবহার করে একটি প্রজন্মকে নেশা ও অনৈতিকতার দিকে ঠেলে দিয়েছেন। এর ফলেই সমাজে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনের পর এ এলাকায় হয় মাদকসম্রাটদের অস্তিত্ব থাকবে না, নয়তো ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরাই মাঠে থাকবেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, অতীতে কৃষক ও সাধারণ মানুষ অধিকার আদায়ে আন্দোলনে নামলে তাদের ওপর গুলি চালানো হয়েছে। এবার জনগণ সেই অন্যায়ের জবাব ভোটের মাধ্যমে দিতে প্রস্তুত।
সভাপতির বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী ডা. মো. আব্দুল আহাদ নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তা সেল গঠন, নারীদের জন্য পৃথক স্বাস্থ্যসেবা এবং অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন। পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হওয়া পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ইএইচ