বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, কিশোরগঞ্জের কৃষিকে শিল্পে রূপান্তর করতে প্রয়োজনে যারা দেশের ২৮ লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, তাদের কাছ থেকে সেই অর্থ কঠোরভাবে উদ্ধার করা হবে।
মঙ্গলবার সকালে কটিয়াদী উপজেলার সরকারি কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, কিশোরগঞ্জ একটি কৃষিনির্ভর জেলা। এখানে শিল্পভিত্তিক উন্নয়ন না হলেও কৃষিকে কেন্দ্র করেই অর্থনৈতিক সমৃদ্ধি গড়ে তোলা সম্ভব। “আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ কৃষিকে শিল্পে পরিণত করবো,” বলেন তিনি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ আর ভোটের অধিকার হরণ করতে পারবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের অনিয়ম ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
জামায়াত আমির বলেন, জাতি পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের ধারাতেই দেশ এগিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি বলেন, “অনেকে বলেন জামায়াতের সরকার হবে। আমরা জামায়াতের সরকার চাই না, আমরা ১৮ কোটি মানুষের সরকার চাই।”
সভায় কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক রমজান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের শরিক বিভিন্ন রাজনৈতিক দলের জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এএন