ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ফখরুল ইমামের মতবিনিময়

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:৫২ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ফখরুল ইমাম। 

বৃহস্পতিবার  ঈশ্বরগঞ্জে আয়োজিত এ সভায় তিনি নির্বাচন সংশ্লিষ্ট সার্বিক পরিস্থিতি ও তাঁর নির্বাচনী ইশতেহারের প্রধান দিকগুলো তুলে ধরেন।

সভায় ফখরুল ইমাম জানান, তার ইশতেহারের মূল লক্ষ্য হলো জনগণের মৌলিক অধিকার রক্ষা, উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসন প্রতিষ্ঠা করা। ইশতেহারে থাকা বিষয়গুলো উল্লেখ করে তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে। 

এ ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং স্বাস্থ্যসেবা উন্নত করার অঙ্গীকার করেন তিনি। বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষার প্রসার ও প্রতিটি এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা করার বিষয়টিও তিনি আলোচনায় তুলে ধরেন।

তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে পারেন। একই সাথে তিনি আশা প্রকাশ করেন যে, ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান।

মতবিনিময় সভায় ঈশ্বরগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ফখরুল ইমাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সবার সহযোগিতা কামনা করেন।

ইএইচ