সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, ‘দীর্ঘ প্রায় ৫০ বছরের রাজনীতিতে আমি সব সময় দিরাই-শাল্লার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আপনারা আমাকে দুইবার উপজেলা চেয়ারম্যান ও একবার এমপি বানিয়েছেন। এটি আমার জীবনের শেষ নির্বাচন। আমি আর কোনো দিন ভোট চাইতে আসব না। আপনারা দলমতের ঊর্ধ্বে উঠে ধানের শীষে ভোট দিন।’
রোববার বিকেলে দিরাই উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাছির চৌধুরী আরও বলেন, ‘এমপি হলেও বিরোধী দলে থাকায় আশানুরূপ উন্নয়ন করতে পারিনি। এবার ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। আমাদের দলের নেতা তারেক রহমান দিরাই-শাল্লার উন্নয়নের দায়িত্ব নিয়েছেন।’
বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, বিএনপি ও আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দল, তারা আমাদের মিত্র। আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি। জামায়াত আমাদের বন্ধু নয়, তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি।
এ সময় তিনি শেষবারের মতো ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, এ জয় হবে খালেদা জিয়ার, জয় হবে তারেক রহমানের এবং সাধারণ মানুষের।
দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব ইকবাল হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি, সুনামগঞ্জ জেলা বিএনপির অ্যাডভোকেট আব্দুল হক, জেলা জাসাসের সভাপতি শেরগুল আহমেদ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল মনসুর শওকত, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ ও নাছির চৌধুরীর মেয়ে নাজিয়া চৌধুরী।
দুপুর থেকে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন। এ সময় ধানের শীষ স্লোগানে মুখরিত হয়ে ওঠে দিরাই।
ইএইচ