লালমনিরহাট-৩ আসনে জামায়াত প্রার্থী আবু তাহেরের নির্বাচনী ইশতেহার ঘোষণা

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৩:১৮ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। 

সোমবার দুপুর ১২টায় লালমনিরহাট জেলা শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার তুলে ধরেন।

ইশতেহারে শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, দারিদ্র্য বিমোচন, বনায়ন, পর্যটন, নদী ব্যবস্থাপনা, যুব ও ক্রীড়া, সুশাসন এবং সামাজিক উন্নয়নসহ মোট ১০টি খাতে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়েছে। জামায়াত প্রার্থী জানান, মুক্তিযুদ্ধ এবং চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে লালমনিরহাট সদরকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও মানবিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অ্যাডভোকেট আবু তাহের বলেন, তিনি নির্বাচিত হতে না পারলেও যদি তাঁর দল রাষ্ট্রক্ষমতায় আসে, তবে ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন। তবে তিনি ভোটারদের দোয়া ও ভালোবাসায় আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে নিজের দৃঢ় বিশ্বাসের কথা জানান।

তিনি আরও বলেন, এই আসনের সার্বিক উন্নয়নের জন্য জনমতের প্রতিফলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদর উপজেলার মানুষের অধিকার রক্ষা ও উন্নয়নের সুযোগ করে দেওয়ার জন্য তিনি সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, সাবেক জেলা সভাপতি ফজলুল হক শামিলসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই ইশতেহার বাস্তবায়িত হলে লালমনিরহাট সদর একটি পরিকল্পিত, উন্নত ও জনবান্ধব জনপদে রূপান্তর হবে।

জেএইচআর