জামায়াত প্রার্থী

দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৪:১৮ পিএম

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এ আর হাফিজ উল্যাহর একটি বিতর্কিত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, দাঁড়িপাল্লায় ভোট দিলে ভোটারদের জন্য জান্নাত অবধারিত।

রোববার নির্বাচনী এলাকায় গণসংযোগের সময় ভোটারদের উদ্দেশে তিনি এই মন্তব্য করেন। হাফিজ উল্যাহ জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক বা সেক্রেটারির দায়িত্বে রয়েছেন। 

ভিডিওতে হ্যান্ডমাইকে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন যে ইসলামের পক্ষে এবং পবিত্র কোরআনের পক্ষে ভোট দিলে ভোটাররা সওয়াবের অংশীদার হবেন।

তিনি আরও বলেন যে যারা কোরআনের বিরুদ্ধে ভোট দেবে, তারা গুনাহগার হবে। ধর্মীয় অনুভূতি ব্যবহার করে দেওয়া তাঁর এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। জনমনে প্রশ্ন উঠেছে, ভোট দেওয়ার মতো একটি রাজনৈতিক বিষয়কে পরকালের সঙ্গে যুক্ত করা কতটা যৌক্তিক।

একই বক্তব্যে তিনি বর্তমান ও সাবেক রাজনৈতিক দলগুলোর দুর্নীতির সমালোচনাও করেন। সাধারণ মানুষের বিভিন্ন সরকারি ভাতার সুযোগ-সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে তিনি প্রতিশ্রুতি দেন যে জামায়াত নির্বাচিত হলে এক টাকারও অনিয়ম হবে না। তাঁরা জনগণের ভাই ও সন্তান হিসেবে সেবা করবেন বলে জানান।

বক্তব্যের সত্যতা নিয়ে জানতে চাইলে এ আর হাফিজ উল্যাহ বলেন যে এমন কোনো কথা তিনি বলেছেন কি না তা তাঁর মনে নেই। তবে অনেক সময় বক্তব্য ভুল করে বা মুখ ফসকে বেরিয়ে যেতে পারে অথবা খণ্ডিতভাবে উপস্থাপন করা হতে পারে বলে তিনি দাবি করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও নিলুফা ইয়াসমিন জানান, বিষয়টি তিনি মৌখিকভাবে শুনেছেন। এখন পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে।

জেএইচআর