রংপুরে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী

শরিফুল ইসলাম, রংপুর প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৫:২৮ পিএম

রংপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) জেলা কার্যালয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 

রংপুর বিসিক জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সের (৭ম ব্যাচ) সমাপনী অনুষ্ঠানে সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ বলেন, বিসিক দেশের শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করছে। তিনি উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা প্রদানে আরও উৎসাহী হওয়ার আহ্বান জানান, যা উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্য বহুমুখীকরণে সহায়ক হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, বর্তমানে সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা ব্যবহার করে উদ্যোক্তারা তাদের ব্যবসা আরও সম্প্রসারিত করতে পারবেন। এর ফলে উদ্যোক্তারা দেশের সম্পদে পরিণত হবেন এবং তাদের হাত ধরেই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের সফল উদ্যোক্তার গুণাবলি, নতুন ধারণা চিহ্নিতকরণ, প্রোডাকশন ম্যানেজমেন্ট, অনলাইন মার্কেটিং, প্রজেক্ট প্রোফাইল প্রণয়ন ও ব্যাংক ঋণপ্রাপ্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ২৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এ সময় বিসিকের জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইএইচ