নির্বাচনী প্রচারণার বক্তব্য কাটছাঁট করে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বিএনপির এক কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন।
সোমবার বিকেলে তিনি রংপুর মহানগরীর হারাগাছ মেট্রোপলিটন থানায় উপস্থিত হয়ে এ লিখিত অভিযোগ দেন।
অভিযোগ দেওয়ার পর সাংবাদিকদের আখতার হোসেন বলেন, ‘নির্বাচনী প্রচারণায় আমি সবসময় সত্য তুলে ধরি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, চার দিন আগে রনক নামের বিএনপির এক কর্মী আমার পুরো ভিডিও থেকে কিছু অংশ কেটে তার ফেসবুকে প্রচার করেন। সেখানে আমি হারাগাছের সাবেক এমপি ও মহাজনদের উন্নয়নবিমুখ কর্মকাণ্ড নিয়ে কথা বলেছিলাম। অথচ ভিডিওটি এমনভাবে এডিট করা হয়েছে, যাতে মনে হয় আমি হারাগাছের সাধারণ মানুষকে ‘অকর্মা’ বলেছি।’
আখতার হোসেন আরও বলেন, এ ধরনের বিভ্রান্তিকর ভিডিও প্রচার করে সাধারণ মানুষকে ক্ষিপ্ত করে তোলা হয়েছে, যা তাঁর ও তাঁর সমর্থকদের নিরাপত্তাঝুঁকি তৈরি করছে। এটি নির্বাচনী আচরণবিধি ও সাইবার নিরাপত্তা আইনের স্পষ্ট লঙ্ঘন। এ অপপ্রচারের মাধ্যমে ভোটারদের শাপলা কলি মার্কায় ভোট দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
এ বিষয়ে হারাগাছ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেন এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচ