কালিহাতীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও গণমিছিল

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:৪৯ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল নির্বাচনী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেলে কালিহাতী উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সভা শেষে একটি বর্ণাঢ্য গণমিছিল বের করা হয়। মিছিলটি হাসপাতাল রোড ও উপজেলা গেট হয়ে বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

কালিহাতী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোট মনোনীত টাঙ্গাইল-৪ আসনের প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক। তিনি আগামী নির্বাচনে ভোটারদের কাছে ‘দাড়িপাল্লা’ মার্কায় ভোট প্রার্থনা করেন।

অধ্যাপক রাজ্জাক তাঁর বক্তব্যে বলেন, তাঁরা একটি সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত কালিহাতী গড়তে চান। জুলুমবাজদের হাত থেকে সাধারণ মানুষকে মুক্ত করে একটি নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ উপজেলা বিনির্মাণই তাঁদের মূল লক্ষ্য। এ সময় তিনি সর্বস্তরের মানুষকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মুফতি মিজানুর রহমান বায়জিদ ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য মেহেদী হাসান বিন সিদ্দিক। উপজেলা সেক্রেটারি এস এম এনামুল হকের সঞ্চালনায় সভায় জামায়াতের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন।

নেতাকর্মীরা জানান, দীর্ঘ সময় পর এমন উন্মুক্ত কর্মসূচি পালনের সুযোগ পাওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ লক্ষ করা গেছে। তাঁরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

জেএইচআর