নেত্রকোণার বিশিষ্ট ব্যবসায়ী মো. মোতাহার হোসেনের নেতৃত্বে শতাধিক ব্যক্তি বিএনপিতে যোগদান করেছেন।
সোমবার রাতে সদর উপজেলার বাংলা ইউনিয়ন থেকে আসা এসব ব্যক্তি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা জানিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা বরণ করে নেন। এ সময় ডা. আনোয়ারুল হক নবীন সদস্যদের স্বাগত জানান এবং দলীয় প্রার্থীকে বিজয়ী করতে মাঠে কাজ করার আহ্বান জানান।
যোগদান অনুষ্ঠানে ডা. আনোয়ারুল হক বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষ এখন স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের পতাকাতলে সমবেত হচ্ছে। এটি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেরই বহিঃপ্রকাশ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মাহফুজুল হক এবং সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা। তাঁরা বলেন, নির্বাচনী এলাকার প্রতিটি গ্রামে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে।
সভায় ইসলামী ঐক্য জোটের সাধারণ সম্পাদক মাওলানা মো. সায়েম ও পৌর বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জাহেদুল আলমসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা অভিযোগ করেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে একটি মহল নানা অপতৎপরতা চালাচ্ছে।
তৃণমূলের এই যোগদানের ফলে সদর ও বারহাট্টা এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে একটি প্রচার মিছিল বের করেন।
জেএইচআর