ডা. জীবন

ধানের শীষে ভোট দিয়ে সংসদে কথা বলার সুযোগ দিন

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:৩১ পিএম

আল আমিন খান, বানিয়াচং (হবিগঞ্জ)

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন, এলাকার মানুষের অধিকার আদায়ে তাঁকে জাতীয় সংসদে কথা বলার সুযোগ দিতে হবে। 

সোমবার বিকেলে বানিয়াচং উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত বিশাল এক গণমিছিল ও পথসভায় তিনি এ কথা বলেন।

গণমিছিলটি বানিয়াচং জনাব আলী কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ জোটে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

ডা. জীবন তাঁর বক্তব্যে বলেন, গণমিছিলে মানুষের অভাবনীয় উপস্থিতি প্রমাণ করে যে এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, বিগত সময়ের সব রেকর্ড ভেঙে এবার জনগণ স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে এই জোয়ার ব্যালটে প্রতিফলিত হবে।

নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট উন্নয়ন, স্বাস্থ্যসেবার মান বাড়ানো এবং বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়ে সংসদে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি। ডা. জীবন বলেন, তিনি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করছেন এবং নির্বাচিত হলে সেই সেবার পরিধি আরও বিস্তৃত করবেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটের দিন পর্যন্ত ভোটারদের ঘরে ঘরে গিয়ে জনসংযোগ অব্যাহত রাখতে হবে। কেন্দ্রে ভোটার উপস্থিতি যত বাড়বে, ধানের শীষের বিজয় তত সহজ হবে। তিনি সবাইকে ভালোবাসা দিয়ে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।

গণমিছিল সফল করায় তিনি জোটের নেতাকর্মী, আলেম-উলামা, সাধারণ জনগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডা. জীবন আশাবাদ ব্যক্ত করেন যে, একটি সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাঁদের প্রিয় প্রতীক ধানের শীষকেই বেছে নেবে।

জেএইচআর