ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিশোরগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা শহরের ঐতিহাসিক গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে এই মহড়াটি শুরু হয়।
পরে মহড়াটি শহরের বটতলা, বড়পুল, জেলখানা মোড় ও বিন্নাটি মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অংশ নেয়।
সশস্ত্র টহল ও যানবাহনের ওপর নজরদারির মাধ্যমে শহরজুড়ে কড়া নিরাপত্তার বার্তা দেওয়া হয়। মহড়ার উদ্দেশ্য ছিল ভোটারদের মনে সাহস জোগানো এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নিজেদের প্রস্তুতির জানান দেওয়া।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন ঘিরে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যাতায়াত নিশ্চিত করতে এবং নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে মাঠ পর্যায়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।
এ ছাড়া সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য আহ্বান জানানো হয়েছে। নির্বাচনের দিন পর্যন্ত এই কড়া নিরাপত্তা ব্যবস্থা ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
জেএইচআর