রাজশাহী বিভাগে গত এক মাসের বেশি সময়ে ৫৬৩টি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়।
বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এক প্রেস ব্রিফিংয়ে জানান, গত ১ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ৫৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। একই সময়ে রাজশাহী রেঞ্জ পুলিশ ৭৪টি আগ্নেয়াস্ত্র এবং ৪৩৩টি দেশীয় অস্ত্র জব্দ করেছে।
তিনি বলেন, রাজশাহী বিভাগে মোট ৩৯টি সংসদীয় আসন, ৮টি জেলা, ৬৭টি উপজেলা, ১টি সিটি করপোরেশন, ৬২টি পৌরসভা ও ৫৬৫টি ইউনিয়ন রয়েছে। এ অঞ্চলে প্রায় ২ কোটি ৩ লাখ মানুষের বসবাস। চূড়ান্ত ভোটার সংখ্যা ১ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৯৬ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ৫ হাজার ৫০৪টি, যার মধ্যে ১ হাজার ৭৬৭টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ২১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। মোতায়েন থাকবে ১ লাখ ৪ হাজার ৬৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এর মধ্যে সেনাবাহিনী ১০ হাজার, বিজিবি ৪ হাজার ১২৩, রেঞ্জ পুলিশ ১৩ হাজার ৭৯৬, আরএমপি ২ হাজার ৪০৫, র্যাব ১ হাজার ৬ এবং আনসার ৭২ হাজার ৭৩৬ জন।
ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ৫ হাজার ২৬৬টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা এবং ২ হাজার ৩১৮টি বডি ওর্ন ক্যামেরা স্থাপন করা হবে বলে জানান বিভাগীয় কমিশনার।
এছাড়া নির্বাচনকালীন গোয়েন্দা নজরদারি, টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যৌথ অপারেশন সেল চালু রয়েছে।
সবশেষে তিনি রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।
জেএইচআর