মাগুরা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. আব্দুল মতিনের সঙ্গে স্থানীয় কিছু ব্যক্তির তর্কাতর্কি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ফুলবাড়ি বাজার চৌরাস্তায় আচরণবিধি লঙ্ঘন ও গণসংযোগকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
জামায়াত প্রার্থী আব্দুল মতিন অভিযোগ করেন, তিনি বাবা-মায়ের কবর জিয়ারত শেষে এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বাজারে গিয়েছিলেন। সে সময় কিছু ব্যক্তি তাঁর গাড়িতে আঘাত করে এবং তাঁকে এলাকায় না আসার জন্য হুমকি দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি শহরে ফিরে আসেন বলে দাবি করেন।
তবে মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমান গাড়ি ভাঙচুরের অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি জানান, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ওই সময়ে গণসংযোগ করার সুযোগ ছিল না। বিষয়টি জানার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে মূলত প্রার্থীর উপস্থিতিকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়েছে।
স্থানীয় বাসিন্দা হাসান জানান, সকালে প্রার্থী বাজারে আসাকে কেন্দ্র করে লোকজনের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। কিছুক্ষণ হট্টগোল হলেও পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয়ে যায়। তবে ঘটনার পর থেকে এলাকায় কিছুটা থমথমে অবস্থা বিরাজ করছে।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফুলবাড়ি বাজার এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।
জেএইচআর