পৌঁছেছে নির্বাচনি সরঞ্জাম, ভোটগ্রহণে প্রস্তুত রংপুর

রংপুর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৬:০২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রংপুরের ৬টি সংসদীয় আসনে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

বুধবার সকাল থেকে রংপুর জিলা স্কুল মাঠ থেকে কেন্দ্রভিত্তিক ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বিতরণ কার্যক্রম তদারকি করেন।

রংপুর জেলায় এবার মোট ভোটার ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। জেলার ৮৭৩টি কেন্দ্রের ৪ হাজার ৯৮৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৮৭৩ জন প্রিজাইডিং অফিসারসহ মোট ১৫ হাজার ৯৫৯ জন ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এবারের নির্বাচনে ১৪টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিরাপত্তার স্বার্থে জেলার ৮৭৩টি কেন্দ্রের মধ্যে ২১৬টিকে 'ঝুঁকিপূর্ণ' বা বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ১২১টি এবং আটটি উপজেলায় ৯৫টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও পুলিশের 'বডিওর্ন' ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে জেলাজুড়ে ছয় স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল পেট্রোল টিম গঠন করা হয়েছে। ৩১৫টি কেন্দ্রে পুলিশ সদস্যরা বডিওর্ন ক্যামেরা পরে দায়িত্ব পালন করবেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপার যৌথভাবে জানিয়েছেন, ভোটারদের নিরাপত্তা ও নির্বাচনী সরঞ্জামের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এখন পর্যন্ত জেলার নির্বাচনী পরিবেশ অত্যন্ত সন্তোষজনক। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজ শেষ পর্যায়ে রয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান দেশপ্রেমিক নাগরিকদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন। তিনি আশ্বস্ত করেন যে, যেকোনো বিশৃঙ্খলা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

জেএইচআর