সারাদেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চললেও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আজ কোনো ভোট হচ্ছে না। প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর আকস্মিক মৃত্যুর কারণে এই আসনে নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
ইসি সচিব আখতার আহমেদ জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (পিআরও) অনুযায়ী, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোটগ্রহণের আগে কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হয়, তবে ওই আসনের নির্বাচন বাতিল বা স্থগিত করার আইনি বিধান রয়েছে। সেই অনুযায়ী শেরপুর-৩ আসনের আজকের ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে এই আসনের জন্য নতুন তফসিল ঘোষণা করা হবে।
জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি রাতে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির জেলা সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল (৫১) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে ময়মনসিংহে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতেই আসনটিতে এই আইনি জটিলতা তৈরি হয়েছে।
শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল ছাড়াও উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও ইসলামী আন্দোলনের আবু তালেব মো. সাইফুদ্দিন। কমিশনের নিয়ম অনুযায়ী, নতুন তফসিলে আগের বৈধ প্রার্থীদের আর নতুন করে মনোনয়ন জমা দিতে হবে না; তবে ইচ্ছুক অন্য যোগ্য ব্যক্তিরা নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, আজ দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে ভোটগ্রহণ ও ‘জুলাই জাতীয় সনদ’ সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। শুধু শেরপুর-৩ আসনের ভোটারদের তাঁদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের জন্য কমিশনের পরবর্তী ঘোষণার অপেক্ষা করতে হবে।
জেএইচআর