রাঙ্গামাটিতে কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তাবাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সকালে শহরের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী। তাঁর সাথে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
রাঙ্গামাটি জেলায় নির্বাচনী দায়িত্ব পালনে ৩ হাজার ৪০০ জন সেনাবাহিনীর সদস্য, ৩৭ দল বা প্লাটুন সীমান্ত রক্ষী বাহিনী, ১ হাজার ৫৯৫ জন পুলিশ এবং ২ হাজার ৭৬৯ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। প্রতিটি ভোট কেন্দ্রে একজন নির্বাহী বিচারকের নেতৃত্বে একটি দল সার্বিক কার্যক্রম তদারক করছেন।
নির্বাচন উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। জেলা শহর ছাড়াও দুর্গম পাহাড়ি উপজেলাগুলোতেও এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
রাঙ্গামাটি ২৯৯ নম্বর সংসদীয় আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৭ জন। প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত দীপেন দেওয়ান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা, জাতীয় পার্টির অশোক তালুকদার এবং গণ অধিকার পরিষদের এম এ আবুল বাশার। এছাড়া স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা, ইসলামী আন্দোলনের জসিম উদ্দিন এবং ১১ দলীয় জোটের আবু বকর ছিদ্দিক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাঙ্গামাটি সংসদীয় আসনটি ২টি পৌরসভা ও ১০টি উপজেলার ৫০টি ইউনিয়ন নিয়ে গঠিত। জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৪১০ জন এবং নারী ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ২ জন।
জেএইচআর