ঝালকাঠিতে ব্যালটের ছবি তুলতে গিয়ে ভোটারকে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৭:০৭ পিএম

ঝালকাঠিতে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে গোপন কক্ষে সিল দেওয়া ব্যালট পেপারের ছবি তোলার অভিযোগে এক ভোটারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর কেন্দ্র আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জরিমানাকৃত ব্যক্তির নাম বিপ্লব দাস (৫৩)।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোট প্রদান শেষে গোপন কক্ষে সিল দেওয়া ব্যালট পেপারের ছবি তোলেন বিপ্লব দাস। বিষয়টি কর্তব্যরত কর্মকর্তাদের নজরে এলে তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন বলেন, ভোটের গোপনীয়তা রক্ষা ও নির্বাচন বিধি প্রতিপালনে প্রশাসন কঠোর রয়েছে। ভোটকেন্দ্রে ব্যালট পেপারের ছবি তোলা আইনত দণ্ডনীয় অপরাধ। জেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।

জেএইচআর