ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর জেলার দুটি আসনেই বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। এই নির্বাচনে বিএনপির প্রার্থীদের ভরাডুবি হয়েছে। মেহেরপুর-১ আসনে মাওলানা তাজউদ্দীন খান এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে নাজমুল হুদা বিপুল ভোটে জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এই তথ্য জানা গেছে।
মেহেরপুর-১ আসনে মোট ১২৩টি ভোটকেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তাজউদ্দীন খান পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮২৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদ অরুণ পেয়েছেন ১ লাখ ৪ হাজার ২২৪ ভোট। ফলে ১৮ হাজার ৬০৫ ভোটের ব্যবধানে তাজউদ্দীন খান বিজয়ী হন।
মেহেরপুর-২ (গাংনী) আসনে মোট ৯০টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নাজমুল হুদা পেয়েছেন ৯৪ হাজার ১৬৮ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের আমজাদ হোসেন পেয়েছেন ৮৫ হাজার ৬৮৯ ভোট। এই আসনে নাজমুল হুদা ৮ হাজার ৪৭৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
মেহেরপুর জেলা প্রশাসকের নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নিজ নিজ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা কেন্দ্র থেকে আসা প্রাথমিক ফলাফল ঘোষণা করেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে যে মেহেরপুরের দুটি আসনে গড়ে প্রায় ৭০ শতাংশ ভোট সংগৃহীত হয়েছে।
জেলায় মোট ৫ লাখ ৮৭ হাজার ভোটার রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এখন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলছে। বিজয়ী প্রার্থীদের সমর্থকরা এলাকায় আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন।
জেএইচআর