নাটকীয়তায় ঠাসা মাদারীপুর-১ (শিবচর) আসনের নির্বাচনী লড়াইয়ে শেষ হাসি হাসলেন ১১ দলীয় জোটের প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা। সব কেন্দ্রের ভোট গণনায় বিএনপি প্রার্থী নাদিরা আক্তার এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে পোস্টাল ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন। মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে রিকশা প্রতীকের জয় নিশ্চিত হয়েছে।
শিবচর আসনের ১০২টি কেন্দ্রে সাধারণ ভোট গণনায় বিএনপি প্রার্থী নাদিরা আক্তার পেয়েছিলেন ৬৪ হাজার ২৯১ ভোট। অন্যদিকে রিকশা প্রতীকের হানজালা পেয়েছিলেন ৬৩ হাজার ৫১১ ভোট। অর্থাৎ সাধারণ ভোটে বিএনপি প্রার্থী ৭৮০ ভোটে এগিয়ে ছিলেন। তবে পোস্টাল ভোট গণনায় দৃশ্যপট পুরোপুরি বদলে যায়।
পোস্টাল ভোটে বিজয়ী হানজালা ১ হাজার ৩৯৮ ভোট পেলেও নাদিরা আক্তার পান মাত্র ২৩৩ ভোট। এই বিশাল ব্যবধানই ধানের শীষের নিশ্চিত বিজয় কেড়ে নেয় এবং রিকশা প্রতীককে জয়ের বন্দরে পৌঁছে দেয়। চূড়ান্ত ফলাফলে হানজালা মোট ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে বিজয়ী হানজালা বাহাদুরপুরের পীর পরিবারের ঐতিহ্য এবং জামায়াতের ভোট ব্যাংক সফলভাবে কাজে লাগিয়েছেন। তিনি ফরায়েজী আন্দোলনের অগ্রদূত হাজী শরীয়াতুল্লাহর বংশধর। অন্যদিকে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিএনপি প্রার্থী নাদিরা আক্তার অনেক শক্তিশালী অবস্থানে থাকলেও শেষ পর্যন্ত জিততে পারেননি।
সাবেক চিফ হুইপ নূর-ই আলম লিটন চৌধুরীর অনুসারীরা বিএনপি প্রার্থীকে সমর্থন দেওয়ায় জনসমর্থনে নাদিরা আক্তার অনেকটা এগিয়ে গিয়েছিলেন। তবে পোস্টাল ভোটের হিসাব-নিকাশে খেলাফত মজলিসের নেতা হানজালা নাটকীয় জয় ছিনিয়ে নেন। এই ফলাফল ঘোষণার পর শিবচরের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
জেএইচআর