টাঙ্গাইলে ভালোবাসা দিবসের রঙিন প্রস্তুতি

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৭:২৯ পিএম

ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতিতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। সেই সাথে দুয়ারে কড়া নাড়ছে বিশ্ব ভালোবাসা দিবস। টাঙ্গাইল শহরসহ জেলাজুড়ে শনিবারের এই দিবসটিকে ঘিরে তারুণ্যের মাঝে বইছে উৎসবের আমেজ। প্রিয় মানুষকে শুভেচ্ছা জানাতে লাল গোলাপ আর বাহারি উপহার কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে শহরবাসী।

টাঙ্গাইল পৌর উদ্যান, ডিসি লেক, এসপি পার্ক, মন্টলা, ঘারিন্দা সোলপার্ক এবং যমুনা রিসোর্টের মতো বিনোদন কেন্দ্রগুলো ভালোবাসা দিবস উপলক্ষে নতুন সাজে সাজানো হয়েছে। সরেজমিনে শহরের ভিক্টোরিয়া রোড, সমবায় মার্কেট, মেইন রোড এবং নিরালা মোড় এলাকার দোকানগুলোতে নতুন সব উপহার সামগ্রী ও দেশি-বিদেশি ফুলের পসরা দেখা গেছে।

শহরের কয়েকজন ফুল ব্যবসায়ী জানান যে ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব একই সময়ে হওয়ায় ফুলের চাহিদা আকাশচুম্বী। বিশেষ করে লাল গোলাপের চাহিদা সবচেয়ে বেশি। গত বছরের তুলনায় এবার ফুলের দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের মাঝে আগ্রহের কমতি নেই। ব্যবসায়ীরা বাড়তি চাহিদা মেটাতে অতিরিক্ত ফুল সংগ্রহ করে রেখেছেন।

উপহারের দোকানগুলোতে প্রিয়জনের জন্য কার্ড, মগ, শোপিস ও বিশেষ সব সামগ্রী কিনতে তরুণ-তরুণীদের ভিড় দেখা গেছে। শহরের বিভিন্ন রেস্টুরেন্ট ও ক্যাফেগুলো আলোকসজ্জা আর বিশেষ খাবারের আয়োজন করে গ্রাহকদের টানার প্রস্তুতি নিয়েছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহামম্মদ শামসুল আলম সরকার জানান যে নির্বাচন ও গণভোটের মহাযজ্ঞ শেষে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখা হয়েছে। দিবসটি ঘিরে শহরের পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি থাকবে। উৎসবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সতর্ক করেছেন।

সব মিলিয়ে বসন্তের দখিনা বাতাসের সাথে ভালোবাসার রঙ মেখে শনিবার টাঙ্গাইলে এক উৎসবমুখর পরিবেশে পালিত হবে বিশ্ব ভালোবাসা দিবস। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে এখন কেবলই উৎসবের প্রতীক্ষা।

জেএইচআর