হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কের ডুবাঐ বাজার এলাকায় মিতালী পরিবহনের একটি বাস উল্টে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. লোকমান মিয়া (২৫)। তিনি স্থানীয় ভাটপাড়া গ্রামের আনসার মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী বাসটির চালক ও সহকারীর সাথে যাত্রীদের কথা-কাটাকাটি চলছিল। একপর্যায়ে বাসটি ডুবাঐ বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়।
দুর্ঘটনার সময় বাসের নিচে চাপা পড়ে লোকমান মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় ভেতরে থাকা যাত্রীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। তাঁদের দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব ইসলাম ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ ও প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বাসের চালক ও সহকারীর অসতর্কতা বা ঝগড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
জেএইচআর