লালমনিরহাট–২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু (দাঁড়িপাল্লা প্রতীক) নির্বাচনের ফলাফল পুনর্মূল্যায়ন ও পূর্ণাঙ্গ ভোট গণনার দাবি জানিয়েছেন। তাকে পরাজিত করতে পরিকল্পিত অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ তুলে তিনি সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ফল প্রকাশের আহ্বান জানান।
শনিবার দুপুরে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের গীলাবাড়ী এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। লিখিত বক্তব্যে অ্যাডভোকেট লাভলু বলেন, একটি সুপরিকল্পিত “ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার” মাধ্যমে নির্বাচনী ফলাফল প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে।
তার অভিযোগ, বহু ভোটকেন্দ্রে সকালে এজেন্টদের কাছে ফলাফল শিটে তাদের স্বাক্ষর নেওয়া হলে ফলাফল পরে ভিন্ন শিট ব্যবহার করা হয়েছে। আবার কিছু কেন্দ্রে ফলাফল কেবল সংখ্যায় লেখা হয়েছে, কথায় উল্লেখ করা হয়নি—যা নির্বাচনী বিধিমালার পরিপন্থি বলে তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, অন্তত ৩৫টি কেন্দ্রে এ ধরনের অনিয়ম সংঘটিত হয়েছে এবং একটি কেন্দ্রে গণভোটের তুলনায় ১৬০টি ভোট বেশী হিসেবে ধরা হয়েছে। এসব অনিয়মের কারণে প্রকৃত ফলাফল প্রতিফলিত হয়নি বলে তার দাবি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোটগ্রহণের রাত থেকে শুরু করে এখন পর্যন্ত তার এজেন্ট, সমর্থক ও কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। কয়েকটি ব্যাবসাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন। এ সকল ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অ্যাডভোকেট লাভলু।
তিনি সতর্ক করে বলেন, ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করা না হলে তিনি বিষয়টি নিয়ে হাইকোর্ট পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাবেন।
সংবাদ সম্মেলনে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি জামায়াতের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
্এএন