চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৪:৩২ পিএম

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় দুটি গ্রুপে মোট ৪২ জন হাফেজে কোরআন অংশগ্রহণ করেন। এর মধ্যে 'ক' গ্রুপে অনূর্ধ্ব-১৪ বিভাগে ২৫ জন এবং 'খ' গ্রুপে অনূর্ধ্ব-৩০ বিভাগে ১৭ জন প্রতিযোগী ছিলেন।

শনিবার চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর সোয়া ১টা পর্যন্ত এই প্রতিযোগিতা চলে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান।

তিনি বলেন, সাংবাদিকরা দেশ সংস্কারে সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি ধর্মীয় চর্চা এবং সমাজের নানা কাজে তাঁদের অংশগ্রহণ রয়েছে। কোরআন প্রতিযোগিতার মতো এমন একটি আয়োজন খুবই প্রশংসার দাবি রাখে। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ, হাফেজ মাওলানা ফখরুল ইসলাম মাসুম, হাফেজ মাওলানা খলিলুর রহমান ও হাফেজ মো. মাসুদ আলম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ ও প্রেসক্লাবের সদস্য মো. মাসুদ আলম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক আমান সিমেন্টের চাঁদপুর পরিবেশক শরিফ মো. আশরাফুল হক এবং হিফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী। 'ক' গ্রুপে ৭ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। তাঁরা হলেন হাফেজ সাইদুর রহমান, আব্দুল্লাহ আনসারী, আয়ান, নাইমুল ইসলাম, আল আমিন, মো. আব্দুল্লাহ ও মো. আবু সাঈদ।

অন্যদিকে 'খ' গ্রুপে বিজয়ীরা হলেন হাফেজ মো. হাসান, পারভেজ আলম, আশিকুর রহমান, মিরাজুল হক ও মো. সিয়াম হোসেন।

জেএইচআর