ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) সংসদীয় আসনের সব ভোটকেন্দ্রের ভোট পুনঃগণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. ফারুক আলম সরকার।
গতকাল বিকেলে সাঘাটা উপজেলার কমলপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। একই সঙ্গে তিনি গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করে ঘোষিত গেজেট বাতিলের আবেদন করেছেন।
লিখিত অভিযোগে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনকালে তিনি গুরুতর অনিয়মের প্রমাণ পান। জুমারবাড়ী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গণনার আগেই ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টের কাছ থেকে জোরপূর্বক ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, একই ধরনের অনিয়ম পবন তাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ শতাধিক ভোটকেন্দ্রে ঘটেছে। এসব বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেন এবং ভিডিও ফুটেজ পাঠান।
অভিযোগে বলা হয়, অনেক ক্ষেত্রে প্রার্থীর এজেন্টের স্বাক্ষর ছাড়াই শুধু প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরে ফলাফল প্রকাশ করা হয়েছে। এসব অনিয়মের মাধ্যমে একটি নির্দিষ্ট প্রতীককে বিজয়ী করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ অবস্থায় সংবাদ সম্মেলনে গাইবান্ধা-৫ আসনের সব ভোটকেন্দ্রের ভোট পুনঃগণনা এবং প্রকাশিত গেজেট বাতিলের দাবি জানান বিএনপির এ প্রার্থী ।
এএন