পাটগ্রামে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদণ্ড

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৫:০৬ পিএম

লালমনিরহাটের পাটগ্রামে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এই দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্ত যুবকের নাম রানা ইসলাম। তিনি বুড়িমারী ইউনিয়নের হাদিসপাড়া এলাকার বাসিন্দা রেজাউল ইসলামের ছেলে। জানা যায়, দুপুর আনুমানিক ১২টার দিকে আলীমুদ্দিন ছবুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠ চলাকালীন রানা ইসলাম বিদ্যালয় চত্বরে প্রবেশ করেন।

এ সময় তিনি এক ছাত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করতে থাকেন। বিষয়টি নজরে এলে বিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ইভটিজিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় রানা ইসলামকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় পাটগ্রাম থানার উপপরিদর্শক রফিকুল ইসলামসহ পুলিশের একটি দল আদালতকে সহায়তা করে।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তানভীর হোসেন জানান, স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে এক যুবকের চার মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জেএইচআর