বাহুবলে তীব্র পানির সংকট, শুকিয়ে গেছে কৃষকের জমি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৫:৩৫ পিএম

হবিগঞ্জের বাহুবল উপজেলার বিভিন্ন গ্রামে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এতে বোরো চাষিদের জমি শুকিয়ে ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়ে উঠেছে। কৃষকদের ঘাম ঝরানো পরিশ্রম ও বিনিয়োগ আজ হুমকির মুখে পড়েছে।

এই সংকট নিরসনে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগী কৃষকরা। বোরো মৌসুমে খোয়াই নদী থেকে পাইপের মাধ্যমে করাঙ্গী নদীতে জরুরি ভিত্তিতে পানি সরবরাহ করার দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন চন্দ্র দে স্মারকলিপিটি গ্রহণ করেন। স্মারকলিপি প্রদানকালে কৃষকরা জানান, গত কয়েক সপ্তাহ ধরে এলাকার নদী-নালা এমনকি টিউবওয়েল থেকেও পানি পাওয়া যাচ্ছে না।

তাঁরা বলেন, সাধারণ কৃষক হিসেবে এই বোরো মৌসুমে যদি ফসল ঘরে তুলতে না পারি, তবে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। এক পর্যায়ে কৃষকেরা স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দ্রুত পানি সরবরাহ নিশ্চিত না করলে চলতি মৌসুমে ব্যাপক ফসলহানির আশঙ্কা রয়েছে। কৃষকের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ ও দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

কৃষি ও কৃষক বাঁচলে দেশ বাঁচবে উল্লেখ করে উপজেলা প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।

জেএইচআর