কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে লালমনিরহাট থেকে গ্রেপ্তার করেছে র্যাব ১৩।
সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব ১৩ রংপুর কার্যালয়।
র্যাব জানায়, সোমবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ঘাতক ট্রাক চালক হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি রংপুরের পীরগাছা উপজেলার নুরুজ্জামান মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি সকালে মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম নিজ বাড়ি থেকে কুড়িগ্রাম শহরে যাচ্ছিলেন। কুড়িগ্রাম পৌরসভার তারামন বিবি চৌরাস্তা এলাকায় পৌঁছালে পাথরবোঝাই একটি ট্রাক তাঁর মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়।
বেপরোয়া গতির ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনায় নিহতের ভাই মোঃ এনামুল হক বাদী হয়ে সড়ক পরিবহন আইনে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১৩ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল লালমনিরহাটে অভিযান চালিয়ে চালক হাবিবুরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব ১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, এ ধরনের সহিংস ও বেপরোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে তাঁদের অভিযান অব্যাহত থাকবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।
জেএইচআর