ট্রাক চুরির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

ফেনী প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১১:৩৩ এএম

চট্টগ্রাম ইপিজেড থেকে ট্রাক চুরির ঘটনায় ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেন পবিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

সোমবার বিকেলে যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা থেকে ট্রাকটি চুরি হয় বলে জানান পুলিশ। ট্রাকটির মালিক উত্তর পতেঙ্গা স্ট্রান রিফাইনারি হাদি পাড়া এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. হারুন এঘটনায় ১৫ ফেব্রুয়ারি স্থানীয় ইপিজেড থানায় মামলা দায়ের করেন।

এদিকে রোববার গোপন সূত্রে খবর পেয়ে ইপিজেড ও সোনাগাজী মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের মোখলেস সারেং বাড়ির মৃত মাঈন উদ্দিন ফারুকের ছেলে মো. ইউনুস প্রকাশ ডালিমকে (৪০) গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ডালিমের দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুরের দিকে স্থানীয় উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের নিজ বাড়ি থেকে ট্রাকটির খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মো. সফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ট্রাক ও চোরাই কাজে সহযোগিতাকারী গ্রেপ্তারকৃত ডালিমকে ইপিজেড থানায় নিয়ে যাওয়া হয়েছে।

জেএইচআর