শপথের পর কাল স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আলী রেজা রাজু, সাভার (ঢাকা) প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৪:৩৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আগামীকাল সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রীতি অনুযায়ী শপথের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এই রাষ্ট্রীয় কর্মসূচিকে ঘিরে সাভারজুড়ে বাড়তি নিরাপত্তা ও প্রস্তুতির আবহ বিরাজ করছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে জোর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তা সমন্বয়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। স্মৃতিসৌধের বেদি ও আশপাশের এলাকা বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তরগুলো নিশ্চিত করেছে।

গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু জানান, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, স্মৃতিসৌধের বেদি, লেক এলাকা, সবুজ চত্বর ও প্রবেশপথ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুরো সৌধ প্রাঙ্গণ এখন পুরোপুরি প্রস্তুত।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান জানান, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় তল্লাশি, নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, আগত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশপথগুলোতে কঠোর তদারকি থাকবে। অনুষ্ঠান চলাকালে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে কর্মসূচি সম্পন্ন হলে স্মৃতিসৌধ প্রাঙ্গণ পুনরায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

জেএইচআর