রমজান উপলক্ষে ঝালকাঠিতে টিসিবি বিক্রি মনিটরিং সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি  প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৭:৩৭ পিএম

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝালকাঠি জেলায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এছাড়া ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ডিলার ও জেলা মনিটরিং কমিটির সদস্যরাও সভায় অংশ নেন।

সভায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সুষ্ঠুভাবে টিসিবির পণ্য বিক্রি নিশ্চিত করা এবং কার্যক্রমের নিয়মিত তদারকি জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, রমজানজুড়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং অনিয়ম প্রতিরোধে কঠোর মনিটরিং অব্যাহত থাকবে।

এএন