গোয়ালন্দে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৫:৫২ পিএম

পবিত্র মাহে রমজান ২০২৬ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান। গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম ও দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা এ সময় উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), দৌলতদিয়া লঞ্চ মালিক সমিতি ও বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিগণ সভায় অংশ নেন। বাস মালিক সমিতি, মাহিন্দ্র চালক সমিতি সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

বক্তারা উল্লেখ করেন, টিসিবির পণ্য বাজারে বিক্রির যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার অনুরোধ জানান উপস্থিত নেতৃবৃন্দ।

জেএইচআর