পবিত্র রমজানে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে ছোট হরিনা ১২ বিজিবি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৭:০১ পিএম

রাঙ্গামাটির বরকলে ছোট হরিণা ব্যাটালিয়ন ১২ বিজিবি জোন পবিত্র রমজানে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। বুধবার সকাল ১০টায় ছোট হরিণা ব্যাটালিয়ন ১২ বিজিবি বরকলের ভুষনছড়া এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এই মানবিক সহায়তা প্রদান করে।

ভুষনছড়া ইউনিয়নের ফারুক-ই-আযম (রা.) হেফজ ও এতিমখানায় আসন্ন রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি ফারুক-ই-আযম (রা.) দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের বসার জন্য বিশটি বেঞ্চ প্রদান করা হয়েছে।

এতদিন মাদ্রাসাটির ছাত্র-ছাত্রীর তুলনায় বসার ব্যবস্থা অপ্রতুল ছিল। মাদ্রাসা দুটিতে এতিম ও শিক্ষার্থীদের কথা মাথায় রেখে ১২ বিজিবি জোন ৭৬ হাজার টাকা আর্থিক সহায়তা ও অনুদান প্রদান করে।

বুধবার সকাল ১০টায় ফারুক-ই-আযম (রা.) দাখিল মাদ্রাসা মাঠে এসব উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন।

তিনি এতিমদের মাথায় হাত বুলিয়ে দেন ও তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে।

তিনি উল্লেখ করেন, ছোট হরিণার মতো এমন দুর্গম পার্বত্য এলাকায় ছোট হরিণা বিজিবি জোন নিয়মিতভাবে এলাকার সুবিধাবঞ্চিত লোকদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিচ্ছে। ভবিষ্যতে বিজিবির পক্ষ থেকে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের এতিম ও সুবিধাবঞ্চিতরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বিজিবির এই সহায়তা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও রমজানে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে।

জেএইচআর