অলোক প্রিয় চৌধুরী রিন্টুকে রাঙামাটি জেলা পরিষদের সদস্য মনোনয়নের দাবি

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১২:৪৩ পিএম

রাঙামাটি জেলা কৃষক দলের সভাপতি অলোক প্রিয় চৌধুরী রিন্টুকে আসন্ন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে মনোনয়নের দাবি জানিয়েছেন জেলা ও উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ।

সংসদ নির্বাচনের পরপরই রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গঠনের সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এ প্রেক্ষাপটে জেলা কৃষক দলের নেতারা মনে করছেন, দীর্ঘদিন ধরে দল ও সংগঠনের জন্য নিরলসভাবে কাজ করে আসা অলোক প্রিয় চৌধুরী রিন্টুকে জেলা পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হলে তা হবে সময়োপযোগী সিদ্ধান্ত।

নেতাকর্মীদের ভাষ্য, টানা ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও অলোক প্রিয় চৌধুরী রিন্টু জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশে ছিলেন। দলীয় কর্মসূচি বাস্তবায়ন, মামলা-হামলার শিকার নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া এবং তাদের প্রয়োজনে সহযোগিতা করার ক্ষেত্রে তিনি কখনও অনীহা প্রকাশ করেননি। কারা নির্যাতিত নেতাকর্মীদের প্রতিও তিনি সহানুভূতিশীল ছিলেন বলে দাবি করেন তারা।

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বর্তমান মন্ত্রিসভার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পক্ষে দিনরাত পরিশ্রম করেছেন অলোক প্রিয় চৌধুরী রিন্টু। নেতাকর্মীদের সংগঠিত করা, মাঠপর্যায়ে দিকনির্দেশনা প্রদান এবং নির্বাচনী কার্যক্রম তদারকিতে তিনি সক্রিয় ভূমিকা রাখেন বলে জানান জেলা কৃষক দলের নেতারা।

নেতাকর্মীদের মতে, অলোক প্রিয় চৌধুরী রিন্টু একজন সাদামাটা ও ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্ব। ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া ছাড়াই তিনি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি রাঙামাটি জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা কৃষক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তারা আরও বলেন, পাহাড়ি-বাঙালি সম্প্রীতির পক্ষে দৃঢ় অবস্থান, ন্যায়নিষ্ঠ নেতৃত্ব এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার কারণে অলোক প্রিয় চৌধুরী রিন্টু রাঙামাটির সর্বস্তরের মানুষের কাছে পরিচিত মুখ। দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক জীবনে তার প্রতিটি পদক্ষেপ ছিল স্বচ্ছ ও দলনিষ্ঠ। তার নেতৃত্বে জেলা কৃষক দল সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে বলেও দাবি করেন নেতারা।

জেলা কৃষক দলের নেতৃবৃন্দ মনে করেন, রাঙামাটি সদরসহ পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়নে তার অভিজ্ঞতা, সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতা কাজে লাগানো সম্ভব। তাই তাকে জেলা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হলে স্থানীয় উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তাদের বিশ্বাস।

এ লক্ষ্যে ২৯৯ নম্বর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের কাছে অলোক প্রিয় চৌধুরী রিন্টুকে রাঙামাটি জেলা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্ব হিসেবে অলোক প্রিয় চৌধুরী রিন্টুর অবদান বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিবাচক সিদ্ধান্ত নেবেন।

এএন