রাজশাহীতে সাবেক ইউপি সদস্য হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৫:২১ পিএম

রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোশাররফ হোসেন হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়ইকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. রাজিবুল ইসলাম ওরফে রাজিব (৩৫)। তিনি দামকুড়া থানার শিতলাই গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-৫-এর অধিনায়ক কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

র‍্যাব ও স্থানীয় সূত্র জানায়, গত ২৫ জানুয়ারি রাতে মোশাররফ হোসেনের বাড়ির সামনে একটি চায়ের দোকানে গরু কেনাবেচা নিয়ে আসামিদের সঙ্গে তাঁর তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে আসামিরা বাঁশের লাঠি দিয়ে মোশাররফের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরবর্তীতে এজাহারভুক্ত ৪ জন ও অজ্ঞাতপরিচয় আরও ৭-৮ জন ব্যক্তি তাঁকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোশাররফ হোসেনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৬ জানুয়ারি সকালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে দামকুড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র‍্যাব-৫ গোয়েন্দা নজরদারি জোরদার করে।

র‍্যাব উল্লেখ করে, এর আগে গত ১ ফেব্রুয়ারি একই মামলায় রফিকুল ইসলাম ওরফে রাকিব এবং আরিফুল ইসলাম ওরফে আরিফ নামের আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা মামলার তিন ও চার নম্বর আসামি।

গ্রেপ্তারের পর প্রধান আসামি রাজিবকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৫ জানিয়েছে, মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জেএইচআর