মাগুরায় ট্রাক উল্টে চালক নিহত

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১১:১২ এএম

মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি এলাকায় গভীর রাতে ট্রাক দুর্ঘটনায় আকাশ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মাগুরা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ মাগুরা সদর উপজেলার কুকিলা গ্রামের সবুর মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, টাইলস বোঝাই একটি ট্রাক গাজীপুর থেকে সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিল। কেচুয়াডুবি এলাকায় পৌঁছালে দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে আকাশ ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্টেশন অফিসার রুহুল আমিনের নেতৃত্বে উদ্ধারকর্মীরা ট্রাকের ভেতর থেকে আকাশকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁকে দ্রুত মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্টেশন অফিসার রুহুল আমিন বলেন, গভীর রাতে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের দল উদ্ধারকাজে নামে। ট্রাকের সামনের অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চালককে বের করে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে।

মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চালকের অসতর্কতা নাকি যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

জেএইচআর