সরকারি কর্মকর্তাদের দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, সহজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও দ্রুততম সময়ে নাগরিক সেবা নিশ্চিত করে জনপ্রশাসনকে জনবান্ধব হয়ে উঠতে হবে। একই সঙ্গে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সোমবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে বিভাগের ৮ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের পরিবারগুলো মামলা করার পূর্ণ অধিকার রাখে।
মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, প্রশাসন এ বিষয়ে কঠোর হবে। তবে এর আগে মাদকের কুফল সম্পর্কে কাউন্সিলিং করে মাদকাসক্তদের বোঝানোর চেষ্টাও করতে হবে। একই সঙ্গে প্রতিটি জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসককে অনলাইন জুয়া বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় ৮ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন এবং নিজ নিজ এলাকার সমস্যা ও সুপারিশ তুলে ধরেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।
জেএইচআর