পবিত্র মাহে রমজানের এই বরকতময় সময়ে চট্টগ্রামের কর্ণফুলীর চরলক্ষ্যা ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যরটেক এলাকার একটি পরিবার চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।
গত ১২ ফেব্রুয়ারি নিজ বাসায় অসাবধানতাবশত পা পিছলে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তরুণ উদ্যোক্তা শহিদুল ইসলাম পাভেল। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।
স্বজনরা জানান, দুর্ঘটনার পর থেকেই চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকলেও পাভেলের অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। একসময়ের প্রাণচঞ্চল এই যুবক এখন যন্ত্রের সাহায্যে শ্বাস নিচ্ছেন। পরিবারের প্রতিটি মুহূর্ত কাটছে উদ্বেগ আর উৎকণ্ঠায়। পাভেলের মাত্র ১৮ মাস বয়সী এক শিশু সন্তান রয়েছে, যে কি না প্রতিদিন তার বাবার অপেক্ষায় প্রহর গুনছে।
পরিবারের দাবি, ছোটখাটো ব্যবসার আয়ে চলা এই পরিবারের পক্ষে আইসিইউর ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। প্রতিদিনের ওষুধ ও হাসপাতালের খরচ মেটাতে গিয়ে তাদের জমানো সব টাকা শেষ হয়ে গেছে। বর্তমানে চরম আর্থিক সংকটে পড়ে পাভেলের পরিবার সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।
পাভেলের বড় ভাই ফরিদুল আলম বলেন, সবার সামান্য সহযোগিতাই পারে পাভেলকে তার অবুঝ সন্তানের কাছে ফিরিয়ে দিতে। এই পবিত্র রমজানে মানবিক বিবেচনায় পাভেলের চিকিৎসায় এগিয়ে আসার জন্য তিনি সবার প্রতি সবিনয় অনুরোধ জানিয়েছেন।
সাহায্য পাঠানোর জন্য পাভেলের পরিবার দুটি বিকাশ নম্বর দিয়েছেন: ০১৯৫৬ ৭৫ ৬৩ ২৩ (ফরিদুল আলম – বড় ভাই) এবং ০১৬১৩ ৫৩ ৮০ ০২ (মুহাং হারুন)। পরিবারের একমাত্র আশা, মানুষের সহমর্মিতায় পাভেল সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন।
জেএইচআর