খাগড়াছড়ি জেলা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ মোহাম্মদ হাবিব উল্লাহ ওরফে রাশেদ (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাতে শহরের জিরোমাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সোমবার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালের সামনে থেকে মিরিন দেওয়ান নামের এক ইন্টার্ন চিকিৎসকের কালো রঙের ইয়ামাহা ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। ভুক্তভোগী চিকিৎসক হাসপাতালের কাজ শেষে ফিরে এসে দেখেন তাঁর মোটরসাইকেলটি যথাস্থানে নেই।
পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোর শনাক্ত করা হয়। রাত পৌনে ৯টার দিকে জিরোমাইলে অবস্থিত পার্ক সাইড হাসপাতালের লোকজনের সহযোগিতায় অভিযুক্ত হাবিব উল্লাহকে গ্রেপ্তার এবং মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসাইন জানান, জেলায় চুরি ও ছিনতাই রোধে পুলিশ অত্যন্ত তৎপর। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেএইচআর