সাদুল্লাপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ অটোরিকশা যাত্রী নিহত

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৪:৫৮ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার দুপুরের দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশা চালক তরফ বাজি গ্রামের বেলাল হোসেনের ছেলে আলামিন (৩৫) এবং গাইবান্ধা পূর্বপাড়ার নারায়ণ চন্দ্রের ছেলে গৌতম (৬৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, সাদুল্লাপুরমুখী একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে সাতজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৩ জন বর্তমানে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

জেএইচআর